উত্তরদিনাজপুর

বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন অংশে

ক্রমশ বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন অংশে। নতুন করে বন্যার জলে প্লাবিত হয়েছে শহর সহ গ্রামের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই কুলিকের জল গ্রাস করেছে রায়গঞ্জ পুরসভার বহু এলাকাকে। বন্যার জলে প্লাবিত হয়েছে দ্বীপনগর, শ্যামপুর সহ ১০ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা। পরিস্থিতির অবনতি ঘটছে ইটাহার ব্লকেও। ১২ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১ টি গ্রাম পঞ্চায়েত এলাকাই বন্যার জলে প্লাবিত। পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত আংশিক ভাবে প্লাবিত। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুলন্দর ও সুরুন ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। ক্ষতিগ্রস্ত হয়েছে কাপাশিয়া, ইটাহার ও মারনাই, জয়হাট গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাও।  ইতিমধ্যেই NDRF -এর বেশ কয়েকটি দল বন্যায় প্লাবিত মানুষদের উদ্ধারের কাজে নেমেছে।  উদ্ধার করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ারও কাজ শুরু করেছেন NDRF -এর সদস্যরা। মূলত মহানন্দা, সুই, গামারী ও শ্রীমতি নদীর জলেই বানভাসি ইটাহার বিধানসভা কেন্দ্র। ইটাহারের গটলু মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়েও বইছে জল। জলের তরে ভেসে গিয়ে এখনও ৩ জন নাবালকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারে এলাকায় স্পীড বোট নামানো হয়েছে। চলছে উদ্ধার কাজ বলে জানা গিয়েছে।

            গ্রামবাসীরা জানান অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, বেশ কিছু ক্লাব ও সেচ্ছাসেবী সংস্থা তাদের দিকে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে। বিডিও অফিস থেকে সদস্যরা এসেছিলেন তারা এলাকা পরিদর্শন করে গিয়েছেন কিন্তু তারপরে তারা আর আসেননি।  

            এদিন আমাদের প্রতিনিধিও বন্যায় প্লাবিত ঘরছাড়া মানুষদের কিছু খাবার দিয়ে সাহায্য করেন। উত্তর দিনাজপুর থেকে রাজ ঠাকুরের রিপোর্ট দামস টিভি মালদা।